মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
চিকিৎসা সামগ্রীর সংকট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এমনকি তাঁদের সংঘবদ্ধ হুমকিরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
তাঁদের আরও অভিযোগ, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁদের দাবি, হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকট নিরসন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালের সেবাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
