নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত শিল্পনগর ও শিল্প পার্কের ১০ শতাংশ প্লট নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। শিল্প নগরের প্লট বরাদ্দ সংক্রান্ত বিসিকের এক নতুন নীতিমালায় এই বিধান রাখা হয়েছে।নীতিমালায় প্লটের মূল্য পরিশোধে এককালীন জমা ও কিস্তির ক্ষেত্রেও নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিক শিল্পনগর ও শিল্প পার্কের প্লটবরাদ্ধ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৩ এই নীতিমালার এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী বরাদ্দকৃত মোট প্লটের ন্যূনতম দশ শতাংশ নারী উদ্যোক্তাদের প্রদান করতে হবে। তবে উপযুক্ত নারী উদ্যোক্তা না পাওয়া গেলে প্লট বরাদ্ধ ও ব্যবস্থাপনা কমিটি অন্য আগ্রহী উদ্যোক্তাদের বরাদ্দ দিতে পারবেন। প্লটের মূল্য পরিশোধের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের ডাউন পেমেন্ট বা এককালীন পরিশোধ করতে হবে প্লটের দামের ১৫ শতাংশ অর্থ। অন্য উদ্যোক্তাদের জন্য যা ২০ শতাংশ। নারী উদ্যোক্তাদের প্লটের কিস্তির মেয়াদ হবে সাত বছর। প্রতিবছর দুইবার করে কিস্তি দিতে পারবেন নারী উদ্যোক্তারা। অন্য উদ্যোক্তাদের ক্ষেত্রে বারো কিস্তিতে ছয় বছরে পরিশোধ করতে হবে।
