সামদানি হোসেন বাপ্পি 
ময়মনসিংহের ত্রিশাল ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৭ বোতল বিদেশি মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইএস (HiAce) গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
র্যাব জানায়, ‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
র্যাব-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহের একটি দল ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ত্রিশাল থানার দরিরামপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন হাইএস গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে নেত্রকোনা জেলার বাসিন্দা মো. জুবায়েদ (১৯), মো. হারুন রশিদ (২৪) ও মো. জুবায়ের (২০)-কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত হাইএস গাড়িটি জব্দ করা হয়।
অন্যদিকে, র্যাবের অপর একটি দল ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ নিরব ঋষি (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে ময়মনসিংহ ও আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দ করা গাড়িসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪।
