মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
নাটোর ও রাজশাহী জেলা বাস মালিক সমিতির মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে হঠাৎ করেই এই ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই জেলার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বহুমুখী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে বিভিন্ন সময় রুটে গাড়ি চলাচল নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা দেখা দিলেও এবার তা সরাসরি পরিবহন ধর্মঘটে রূপ নিয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে এসে বিপাকে পড়েছেন দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে হঠাৎ এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সমঝোতার খবর পাওয়া যায়নি। মালিক সমিতির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালাবেন না বলে অনড় রয়েছেন। ফলে রাজশাহী থেকে উত্তরবঙ্গসহ রাজধানী ঢাকামুখী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষ ও মালিকপক্ষ বসে এই সংকটের সমাধান করবে—এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
