মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম রোগ। আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডগুলোতে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন নতুন নতুন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। বেড সংকটের কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে।
এ অবস্থায় দ্রুত রাজশাহীর শিশু হাসপাতাল চালুর জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও অভিভাবকরা। তাদের মতে, আলাদা শিশু হাসপাতাল চালু হলে চিকিৎসা সেবা সহজ হবে এবং মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ অনেকটাই কমবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং শিশুদের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
