সামদানি হোসেন বাপ্পি
রাজধানীসহ সারাদেশের মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে আজ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জানা গেছে ,ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং সাড়ে ৫০০ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬০০ স্থানে একযোগে এ কর্মসূচি হবে।
এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। ইতিমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।
প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা বিভিন্ন দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।
রাজধানীতে কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি এবং সমমনা পেশাজীবী সংগঠন।
