নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গাউসিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। সরেজমিন পরিদর্শনে মার্কেটটিতে মেলেনি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই ফায়ার এলার্ম। সকালে ফায়ার সার্ভিস ও এনএসআইয়ের যৌথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, সংস্থাটির উপসহকারি পরিচালক বজলুর রশিদ। তবে, ফায়ার সেফটির এই দায় নিতে নারাজ মার্কেট পরিচালনা পর্ষদ।

এর আগে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে মার্কেট সার্ভে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ।

বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, এদিন থেকে রাজধানী সুপার মার্কেট, গাউছিয়াসহ বেশকিছু ঝুঁকিপূর্ণ মার্কেটে ফায়ার সার্ভিসের সার্ভে কার্যক্রম চালানো হবে। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মার্কেটগুলোর আগুন নির্বাপণের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখা হবে এবং ফরম পূরণ করব। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর বিস্তারিত পরে বলা হবে।

সার্ভে কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাস উপস্থিত আছেন।

এর আগে, বুধবার ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন রাজধানী সুপার মার্কেট, গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে বলে মন্তব্য করে সার্ভে চালানোর কথাও জানান।

ডিজি আরও বলেন, বিএনবিসি কোড অনুযায়ী একটি মার্কেট বা স্থাপনা অথবা বিল্ডিংয়ে যত মানুষ থাকেন সেই অনুপাতে বাহির ও প্রবেশ পথের সঙ্গে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা। আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এগুলো ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা আগামীকাল (০৬ এপ্রিল) থেকে সার্ভে করব এবং মালিকপক্ষকে নিয়ে আমরা বসব, কী করতে হবে সে বিষয়ে আলোচনা হবে। যদি ঝুঁকিপূর্ণ হয় আমরা একই ব্যবস্থা গ্রহণ করব।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৪ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঘটনার পরই আজই ‘ঝুঁকিপূর্ণ’ মার্কেটগুলো পরিদর্শন করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *