মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ও কীটনাশক অবৈধভাবে মজুত করার অপরাধে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতা আক্তার।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কামারপাড়া বাজারের কীটনাশক ও সার বিক্রির দোকান ‘ভাই ভাই ট্রেডার্স’-এ অভিযান চালায় প্রশাসন। এ সময় লাইসেন্স ও নির্ধারিত নিয়মনীতি লঙ্ঘন করে অতিরিক্ত সার ও কীটনাশক অবৈধভাবে মজুত রাখার সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সার ও বীজ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ব্লকের ব্লক সুপারভাইজার মাইনুল ইসলাম। এ সময় আইন অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যবসায়ী সার বা কীটনাশক মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতা আক্তার গণমাধ্যমকে জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষিপণ্যের বাজারমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী অবৈধ মজুত বা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানি করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *