স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় পানিতে ডুবে সায়মন (৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে উপজেলার মুরারদিয়া ইসলামিক কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণীর ছাত্র।
বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায় সায়মন।
নিহত আল আমিন সায়মন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চৈতী সাহা জানান, ছয় বছর বয়সী সায়মন নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমেছিল। সেখানে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সায়মন। এ সময় বাড়িতে কেউ ছিল না।
সায়মন মা ও বাবার একমাত্র সন্তান। পানিতে ডুবে তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
