মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলেন:
১. ইমন, পিতা- রাজু আহমেদ, ঠিকানা- বাঁশবাড়িয়া।
২. তুহিন, পিতা- হাবিবুর রহমান, ঠিকানা- বাঁশবাড়িয়া।
৩. জুয়েল রহমান, পিতা- আলী হোসেন, ঠিকানা- আটভাগ।
৪. রাজু ইসলাম, পিতা- লায়েব, ঠিকানা- ধোকড়াকুল।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অপরাধের মাত্রা বিবেচনায় তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়—যার মধ্যে একজনের ১০,০০০ টাকা এবং বাকিদের ১,০০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যুবসমাজ ধ্বংসকারী এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *