রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে আলাদা দুটি পুলিশের অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি প্রাইভেটকার ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নালিতাবাড়ীর পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম উদ্দিন (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), দিকপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম মিয়া (৩০) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *