মোঃ নাসিরউদ্দিন
স্টাফ। রিপোর্টার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে। পরে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে।

তল্লাশির সময় রুবেলের শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *