লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কালাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন এবং কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম।
বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনা সভা শেষে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখান কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
