সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
মহান বিজয় দিবসের আলোচনা সভায় আলোচকগণ বলেন, অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। জাতি আজ গভীরভাবে শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
তারা আরও বলেন, নিরস্ত্র ঘুমন্ত মানুষকে নির্বিচারে হত্যায় মেতে ওঠে অস্ত্রের জোরে বলীয়ান সামরিক শাসকগোষ্ঠী। শুরু হয় মুক্তির লড়াই, বঙ্গবন্ধুর ডাকে দেশকে শত্রু মুক্ত করতে এদেশের মুক্তিকামী মানুষ জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।
ময়মনসিংহ বিভাগ স্থানীয় সরকার, উপপরিচালক মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ, স্থানীয় সরকার পরিচালক ফরিদ আহামদ, ময়মনসিংহ জেলার সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, ময়মনসিংহ সদর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। আলোচকবৃন্দ হিসেবে বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন- অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা ইবাদুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শিকদার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ ও আরো অনেক বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ আরো অনেক বিশিষ্টজন আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
আলোচকগণ তাদের বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে পাক-হানাদার বাহিনীর বর্বরোচিত ঘটনাবলী এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার ইতিহাস সংক্ষিপ্ত আকারে আলোকপাত করেন।
সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
