মোঃ ইমরুল আহসান
১২ই অক্টোবর ২০২৩, “কর্মক্ষেত্রেও আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত নারী উদ্যোগ কেন্দ্র পরিচালিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল ও এগারসিন্দুর কমিউনিটি হাসপাতালে বিশাল বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন, কিশোরগঞ্জ। বিশ্ব দৃষ্টি দিবসে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল ও এগারসিন্দুর কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে রিক্সা দিয়ে সড়ক শোভাযাত্রা (কিশোরগঞ্জ শহর কেন্দ্রিক), লিফলেট বিতরণ, চক্ষু রোগের বিষয়ে সচেতনতামূলক গানের সাথে সচেতনতামূলক তথ্য প্রচার ও মাইকিং ইত্যাদি কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে| কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল পরিচালিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন, কিশোরগঞ্জ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ডাঃ মাহবুবা খন্দকার, হাসপাতাল পরিচালক, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ডাক্তারগণ ডাঃ মোঃ নাজমুল আলম লিটন (চক্ষু ও শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ), ডাঃ মুহাম্মদুল্লাহ আল মেহেদী, ডাঃ মিজানুর রহমান, ডাঃ আইরিন আকতার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন। উপরোক্ত কার্যক্রমের পাশাপাশি অক্টোবর ২০২৩ সারা মাসব্যাপী কিশোরগঞ্জ জেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠী যেমন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে, হরিজন সম্প্রদায়, সরকারি আবাসন প্রকল্পের দরিদ্র গ্রামবাসী ও দূরবর্তী এলাকার নিম্ন জনগোষ্ঠীকে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে, ডাঃ সাইফুল ইসলাম এবারের প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে কর্মক্ষেত্রে যেমন কৃষিকাজ, ইলেক্ট্রিক কাজ, ওয়েল্ডিং কাজ, কারখানা ইত্যাদি কাজে সবাইকে চোখের বিষয়ে সতর্কতার সহিত কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সাথে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোন ব্যবহার করছে এতে করে তাদের চোখে রেডিয়েশনের কারণে ৩৫% চোখের দৃষ্টি ত্রুটি দেখা যাচ্ছে। সে বিষয়েও তুলে ধরেছেন। এছাড়াও কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের দিনব্যাপী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়ে রিক্সা দিয়ে সড়ক শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।
