ময়মনসিংহের গৌরীপুরে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর থানা হাজতে বসেই এইচএসসি পরীক্ষায় পাসের খবর পেয়েছেন শাহরিয়ার ইয়াদ। তিনি ৩.৬৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ খবর জানতে পারেন তিনি।
শাহরিয়ার ইয়াদ গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের ছেলে। তিনি শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
ইয়াদের বাবা বেলায়েত হোসেনের অভিযোগ, শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের কারণ বা কোনো পরোয়ানা দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
অন্যদিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করা সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ইয়াদসহ পাঁচজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
