উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ জেলা শাখার কার্য নির্বাহী সদস্য মাওলানা এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঈশ্বরগঞ্জ থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের সামনে ব্যানার-পোস্টার নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আল্লামা মামুনুল হক সহ গ্রেফতারকৃত আলেম-ওলামার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি ভালো হবে না। আটকদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় আলেম-ওলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন। নেতৃবৃন্দ আরও বলেন, হয়রানি ও গ্রেফতার করে আলেম-ওলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।
