বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নেত্রকোণা সদর উপজেলার ৫নং আমতলা ইউনিয়নে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলি, পাড়া-মহল্লা—সবখানেই এখন নির্বাচনী হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. রুহুল আমীনকে ঘিরে ভোটারদের আগ্রহ ও আলোচনা ক্রমেই বাড়ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রুহুল আমীন। দুর্যোগ, সংকট কিংবা ব্যক্তিগত বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও শতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে রুহুল আমীনকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই। ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, তাঁর জনপ্রিয়তা ও গণসংযোগ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাস্যোজ্জ্বল ও সহজ-সরল ব্যক্তিত্বের অধিকারী রুহুল আমীন সবসময় এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে মো. রুহুল আমীন বলেন, “আমতলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সেই লক্ষ্য বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।”
আসন্ন নির্বাচন ঘিরে আমতলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তার কেন্দ্রে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছেন মো. রুহুল আমীন।
