ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন। একই সঙ্গে অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীতে ছিনতাই, চুরি, মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
মহড়াকালে পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
