মোঃ ইমরুল আহসান
অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী আজ বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মীর্জা আব্দুল্লাহেল বাকী ১৯৬৪ সালে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানাধীন বল্লী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, মরহুমের সহকর্মীগণ, কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাগণ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।
মরহুমকে আগামীকাল শুক্রবার বাদ ফজর তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
