সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাসিন্দা শামসুল হক। পেশায় একজন চা বিক্রেতা। উপজেলার শাইল্যার মোড় এলাকার ছোট চায়ের দোকান থেকে উপার্জিত টাকা দিয়েই চালান পরিবারের খরচ। পাশাপাশি সেই সামান্য টাকা দিয়েই চালাতেন মেজ ছেলে মারুফের পড়াশোনা। এমন অবস্থায় কষ্টে পার করেছেন বছরের পর বছর।
তবে এবার সেই কষ্ট সার্থক হয়েছে শামসুল হকের। ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তার ছেলে মারুফ হোসেন। ছেলের এমন সাফল্য অশ্রু এনেছে শামসুল হকের চোখে।
শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মারুফ হোসেন জানান, ‘বাবা অনেক কষ্ট করে আমাদের সংসার চালিয়েছেন। আজ আমি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। দোয়া করবেন যেন ভালো কোনো স্থানে চাকরির সুযোগ হয়। বাবা-মায়ের দায়িত্ব নিয়ে যেন তাদের কষ্টের অবসান ঘটাতে পারি।’
