রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুত ব্যবহার না করেও সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার অধিক বিল আসার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুত অফিসের বিরুদ্ধে। এ বিষয়ে সমাধান পেতে পল্লী বিদ্যুত অফিসে গিয়ে ওই বিলদাতা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন পল্লীবিদ্যুত অফিসের ডিজিএম আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই বিলের অসংগতির কারণ জানতে নালিতাবাড়ী পল্লীবিদ্যুত অফিসে যান দৈনিক জনবাণী পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মো. সারোয়ার হোসাইন। এসময় তিনি ডিজিএম আখতারুজ্জামানের হেনস্তার শিকার হন ও তিনি অসৌজন্যমূলক ব্যবহার করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুত বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ হঠাৎ চলতি নভেম্বর মাসে ওই সংযোগের বিপরীতে অফিস থেকে ৩ হাজার ৩০১ টাকা বিল করা হয়েছে। বিদ্যুত অফিসের সংশ্লিষ্টদের কাছে বিষয়টি তুলে ধরে অতিরিক্ত বিলের কারণ জানতে চাইলেও কেউ কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান দিতে পারেননি বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। পরে বিষয়টি নিয়ে বিদ্যুত অফিসের ডিজিএম আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেন তিনি। ডিজিএম ওই বিল পরিশোধ করতেই হবে বলে জানান। কেন এত বেশি বিল পরিশোধ করতে হবে ? এমন প্রশ্নের জবাবে ডিজিএম সাংবাদিককে কোন সমাধানের কথা না বলে উল্টো প্রশ্ন করেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন তা কি আমি জানি?’

পল্লীবিদ্যুতের একজন গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুত বিলের কারণ জানতে চাওয়ায় এমন অসৌজন্যমূলক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তার অভিযোগ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্খিত ও অপেশাদার। পল্লীবিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তার কাছে কোন গ্রাহক বা সাংবাদিক এমন আচরণ প্রত্যাশা করেন না।

এ বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুতের নালিতাবাড়ী জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান অসৌজন্যমূলক ব্যবহারের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই মিটারটি সেচের জন্য সংযোগ নেওয়া হয়েছে। ওই মিটারের রিডিং অনুযায়ী বিল করা হয়েছে। এখানে কোন প্রকার অতিরিক্ত বিল করা হয়নি। তাছাড়া সেচের মিটার থেকে পারিবারিক কাজে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *