মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি:

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন পশ্চিম গোপীনাথপুর এলাকায় একটি বাড়িতে পৃথক ঘটনায় মোট ৯ জনকে আটক করেছে হাজীরহাট থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর গ্রামের মোঃ বাচ্চা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়মিত রাত্রীকালীন টহল, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় হাজীরহাট থানার জিডি নং-৯৪৯, তারিখ ২৮ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে দায়িত্ব পালনকালে পশ্চিম গোপীনাথপুর গ্রামের ওই বাড়িতে কয়েকজনকে এলাকাবাসী আটক করে রেখেছেন বলে পুলিশ জানতে পারে।

খবর পেয়ে এসআই (নিঃ) মোঃ হানিফ উদ্দিন মন্ডলের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মজিবুর রহমানসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেন।

পুলিশের পৃথক দুটি ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, প্রথম ঘটনায় সাতজনকে আটক করা হয়। তারা হলেন—মোঃ মেহেদী হাসান সৌরভ (৩০), মোঃ ইয়াসিন আলী (২২), মোঃ আলম বাদশা (৩০), মোঃ মাইদুল ইসলাম (২৫), মোঃ মিলন মিয়া (২৮), মোঃ মাজেদুল ইসলাম চৌধুরী (২৪) ও মোঃ রাতুল ইসলাম (২৩)। তাদের বাড়ি রংপুর মহানগরী ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়।

অপর ঘটনায় একই বাড়ি থেকে মোঃ সবুজ মিয়া (৩০) ও মোঃ শরিফুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তারা ওই বাড়ির মালিক মোঃ বাচ্চা মিয়া ও আবিয়া বেগমের ছেলে বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০০ টাকা।

এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় পৃথক দুটি নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি হলো—নন-এফআইআর নং ১০১/২৬ ও ১০২/২৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় হাজীরহাট থানা পুলিশের তৎপরতা প্রশংসনীয়। নিয়মিত টহল ও দায়িত্বশীল পুলিশি কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুলিশি প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *