সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

“অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি”এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্বমান দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার।

প্রধান অতিথি বলেন, পণ্য ও সেবার মান নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে এ দিবসটি পালন করা হয়ে থাকে। শিল্পপ্রতিষ্ঠান, উৎপাদক ও আমদানিকারকদের দায়িত্ব হল বিএসটিআই-এর নির্ধারিত মানদন্ড মেনে টেকসই, গুণগত ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। আমাদের মনে রাখতে হবে মানসম্মত পণ্য উৎপাদন দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক।

তিনি আরো বলেন , আমাদের রুচি ,মেধা, পরিকল্পনা সকল ক্ষেত্রেই নির্দিষ্ট একটি মানে আনতে হবে। ব্যবসায়ী এবং ভোক্তা উভয়েরই মানসিকতার পরিবর্তন করতে হবে। সকলকে এক আইনের মধ্যে হাঁটতে হবে এবং একই সাথে নির্দিষ্ট মান মানতে হবে। দেশের সার্বিক উন্নয়নে মানসম্মত পণ্যের বিকল্প নেই।

সভাপতি বলেন, ভোক্তা ও ব্যবসায়ী হিসেবে মানহীন পণ্যকে বর্জন করতে হবে। তাহলে মানসম্পন্ন পণ্য উৎপাদনে ব্যবসায়ীরা উৎসাহী হবেন। খাদ্যের নিরাপদ মান ও বিশুদ্ধতা বজায় রাখা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, এটি আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও ব্যবসায়ীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *