মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার মাধবপুর গ্রামসংলগ্ন মোহনপুর-পবা উপজেলার সীমান্তঘেঁষা বারনই নদীতে অবৈধভাবে মাছের ঘের নির্মাণ ও সুতি জাল বসিয়ে পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বারনই নদী থেকে অবৈধভাবে নির্মিত মাছের ঘের ও সুতি জাল অপসারণ করে নদীকে বাঁধমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় মৎস্য দপ্তরের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যক্তি বারনই নদীর প্রবাহ আটকে অবৈধভাবে সুতি জাল ও মাছের ঘের নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও ছোট পোনা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তপূর্বক এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “নদী বা সরকারি জলাশয়ে অবৈধভাবে ঘের নির্মাণ বা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের বংশবৃদ্ধি ব্যাহত করা আইনত দণ্ডনীয় অপরাধ। বারনই নদীর প্রাকৃতিক উৎস ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ দখলদার ও নিয়মভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।”
এদিকে বারনই নদীতে অবৈধ ঘের উচ্ছেদ ও সুতি জাল অপসারণ করায় স্থানীয় সাধারণ জেলে ও নদীর ওপর নির্ভরশীল বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
