সামদানী হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, জনসেবা কার্যক্রম এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় পিডিবির কর্মকর্তা বলেন, গ্রিড হতে লোড প্রাপ্তি সাপেক্ষে গড়ে ৭০% বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭:০০ টার মধ্যে সকল প্রকার বিলবোর্ড ও লাইটিং বন্ধ এবং রাত ৮:০০ টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার নিমিত্তে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক গঠিত কমিটির সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে টিম গঠন করে সমন্বিতভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে এবং গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত করা হচ্ছে।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। গত মাসে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১০টি প্রতিষ্ঠানকে ১,১২,০০০ টাকা জরিমানা ও ২ জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলায় ২০২৬/২৭ অর্থবছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর প্রাক্কলন অনুমোদন প্রদান করা হয়েছে এবং দ্রুত দরপত্র আহবান প্রক্রিয়াধীন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সেচ মৌসুমে বিদ্যুৎ সচল রাখার নিমিত্তে সদরদপ্তরসহ জোনাল ও সাব জোনাল অফিসে সেচ কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। তাছাড়া চলতি গ্রীষ্ম ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণকে উদ্বুদ্ধ করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, মানবসম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলাধীন বিভিন্ন উপজেলায় (ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, মুক্তাগাছা ও ত্রিশাল) বাস্তবায়নের নিমিত্তে ২২৮ টি কমিউনিটি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের স্মল স্কীম চলমান কাজের পূর্বের চুক্তি বাতিলপূর্বক অবশিষ্ট কাজের কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করে রং ও কিটনাশক মেশানো মাছের উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। ভেজাল মৎস্য খাদ্য, ভেজাল ও নিম্নমানের এন্টিবায়োটিক ওষুধ ইত্যাদি বিষয়ে অভিযান বৃদ্ধি করা ও খাদ্যের নমুনা নিয়মিত পরীক্ষাগারে প্রেরণ করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। ময়মনসিংহ জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কোনো প্রকল্প বাস্তবায়নে সমস্যা বা প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
