মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে সমাবেশ করেছেন দলিল লেখকেরা। আজ শনিবার গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশ চলে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১৩০ থেকে ১৫০ জন দলিল লেখক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব এম. এ মান্নান। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর শাখার সভাপতি ফায়েকুজ্জামান সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ তৈয়াবুর রহমান রাসেল। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে অভিজ্ঞ দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৪ হাজার থেকে ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
দলিল লেখকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দিয়ে দলিলের মুসাবিদা বা খসড়া তৈরি বন্ধ করা, সাব-রেজিস্ট্রি ও জেলা রেজিস্ট্রি কার্যালয়গুলোতে দলিল লেখকদের জন্য পর্যাপ্ত বসার জায়গা ও নামাজের ঘরের ব্যবস্থা করা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় আইনি সুরক্ষা দেওয়া।
এ ছাড়া দলিল লেখকদের অধিকার ও পেশার মানোন্নয়নে ‘বাংলাদেশ দলিল লেখক কাউন্সিল’ গঠন, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা এবং তাঁদের স্বার্থবিরোধী আইন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, দলিল লেখকদের কোনোভাবেই ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়া যাবে না। তাঁরা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকতে চান।
সমিতির নেতারা জানান, সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের ৬৪ জেলার দলিল লেখকেরা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
দুপুর ১টা ৫০ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।
