মো:নাসির উদ্দিন
রাজশাহীর কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহনপুর উপজেলা অন্তর্গত কেশরহাট পৌরসভা বাজার এলাকায় সকাল ৯ টা থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য (নারী-পুরুষ) প্রায় ৯০ জন উক্ত আয়োজনে অংশ নেন।
কার্যক্রমের শুরুতে বাজারের রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে বাজারের বিভিন্ন দোকানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন ও ফগার মেশিনের মাধ্যমে লার্ভাকিসাইড ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।
আনসার-ভিডিপির এমন কার্যক্রম দেখে কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপির এ স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
