মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসব কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ।
সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পোশাক-পরিচ্ছদ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসাধারণের সঙ্গে ভালো আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার।
পরে কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়া পুলিশ সুপার পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পুলিশ সদস্যদের জন্য মানসম্মত রেশন সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *