মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

“বেশি সার ব্যবহার মানেই বেশি ফলন নয়, সুষম সার ব্যবহারেই কাঙ্ক্ষিত ফলন হয়—পরিমিত মাত্রায় সার ব্যবহার করি, সারের অপচয় রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খামারি অ্যাপ ব্যবহারের মাধ্যমে সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করতে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আয়োজিত এসব উঠান বৈঠকে অংশ নেন বাকশিমইল ইউনিয়নের বরইকুড়ি ও ধোপাঘাটা পশ্চিমপাড়া; ধুরইল ইউনিয়নের ভীমনগর, পাঁচপাড়া ও পালশা উত্তরপাড়া; জাহানাবাদ ইউনিয়নের খাড়তা এবং ঘাসিগ্রাম ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সাধারণ কৃষক ও খামারিরা।
বৈঠকগুলোতে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় কৃষকরা না বুঝে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেন। এতে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পায়, তেমনি মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এবং পরিবেশের ক্ষতি হয়। তাই মাটির স্বাস্থ্য রক্ষা ও ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে সুষম সার ব্যবহারের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দিতে ‘খামারি’ অ্যাপের কার্যকারিতা তুলে ধরা হয়। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই জমির ধরন ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে সার ব্যবহারের মাত্রা নির্ধারণ করা যায়, যা সারের অপচয় রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় কৃষকরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে জমিতে পরিমিত সার ব্যবহার ও খামারি অ্যাপের সঠিক প্রয়োগে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *