মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি নয়, ভালোবাসা দিয়ে সাধারণ মানুষকে দলের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. কে এম বাবর বলেন, ‘ভয়ভীতি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সাধারণ মানুষকে দলে আনতে হবে।’ একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাদক বর্তমানে মরণব্যাধির রূপ ধারণ করেছে। জেলা শহর থেকে শুরু করে পাড়া-মহল্লার প্রতিটি এলাকায় সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিষয়ে কোনো আপস করা হবে না।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. কে এম বাবর। তিনি দলীয় নেতা-কর্মীদের জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি তা অনুসরণ করার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব কাজী আবুল খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
