ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সদর কোম্পানির আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট ২০২৬ দুপুরে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোতোয়ালী থানার মামলা নং-০১(১০)২৫-এর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন সংশোধন ২০১৯-এর ৪/৫ ধারায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিজন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ২৯ জুলাই ২০২৬ বিকেলে কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় পৃথক অভিযান চালায় র্যাবের অপর একটি দল। অভিযানে কোতোয়ালী থানার মাদক মামলা নং-৫৪(৬)১৯, জিআর-৬৭১/১৯-এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ)/১০(ক) ধারায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মামুন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
