নিজস্ব প্রতিবেদক
ছাত্ররাজনীতি, সামাজিক আন্দোলন এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত মুখ মুস্তাকিম আহামেদ। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের মধ্যে আলোচনায় রয়েছেন।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াডাংরি গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে মুস্তাকিম আহামেদ। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তবে শৈশব ও কৈশোর কেটেছে রাজধানীর দক্ষিণখানের হলান এলাকায়, যেখানে বেড়ে ওঠার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী মুস্তাকিম স্থানীয় ফুটবল অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলেন। ছোট ভাই তামিমের সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে এলাকায় একজন পরিচিত খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করেন। খেলাধুলার মাঠে অর্জিত নেতৃত্বগুণ পরবর্তীতে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলে।
ছাত্রজীবন থেকেই অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন বলে জানা যায়। তিনি বিএনপি-জামায়াতের যুগপৎ আন্দোলনের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং জুলাই আন্দোলনের একজন সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজপথের আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের অনেকেই মনে করেন, জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মুস্তাকিম আহামেদ একজন সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে মুস্তাকিম আহামেদ বলেন, “ক্ষমতা অর্জন নয়, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই আমার অঙ্গীকার।”
