নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ঈদ যাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে রফরফ পরিবহনের একটি বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে। একই সঙ্গে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী রফরফ পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ব-১৫-২৫৩৪) অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। অভিযোগ রয়েছে, পথে আরও যাত্রী তোলা হয় এবং তাদের বাসের চলাচলের পথ, মোড়ায় ও ইঞ্জিনের ওপর বসিয়ে পরিবহন করা হয়। এসব যাত্রীর কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।

এ বিষয়ে বাসে থাকা যাত্রীরা প্রতিবাদ জানালে চালক, হেলপার ও সুপারভাইজার তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে এক যাত্রী বিষয়টি বিআরটিএর হেল্পলাইনে জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে ময়মনসিংহ বিআরটিএ বিভাগের ভ্রাম্যমাণ আদালত-১৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তদন্তে দেখা যায়, গেটলক সার্ভিস হিসেবে পরিচালিত বাসটি বিভিন্ন স্থানে যাত্রী উঠানামা করাচ্ছিল এবং অতিরিক্ত যাত্রী বহন করছিল।

পরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসটি আটক করা হয়। গাড়ির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে সেগুলো বৈধ পাওয়া গেলেও যাত্রী পরিবহনে অনিয়মের প্রমাণ মেলে।

এর পর সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বাস কর্তৃপক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে। পাশাপাশি ইঞ্জিনের ওপর ও মোড়ায় বসা ১০ জন যাত্রীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত ৩ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এছাড়া যাত্রী বহনে ব্যবহৃত মোড়াগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম বলেন, “ঈদ যাত্রায় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ সদর কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ গ্রহণ এবং দেশব্যাপী ৫০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *