মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলাবাসীর জন্য সুখবর। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকলেও জনস্বার্থে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু থাকবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগামী ২৬ মে ২০২৬ (মঙ্গলবার) এবং ৩০ মে ২০২৬ (শনিবার) হাসপাতালে আউটডোর বিভাগ খোলা থাকবে। এসময় সাধারণ রোগীরা চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও হাসপাতালের ইমারজেন্সি ও ইনডোর বিভাগে পূর্বের ন্যায় ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: রাকিবুল হাসান জানান, ঈদের ছুটিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি প্রয়োজনে নির্ধারিত দিনে হাসপাতালে এসে চিকিৎসাসেবা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোহনপুর উপজেলার সচেতন মহল।
