ফরিদপুরসহ সারাদেশে নাশকতা কর্মকান্ডের আলামত উদ্ধার
ফরিদপুরে জেলা জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল পৌণে তিনটার দিকে শহরের চকবাজারে(দুধ বাজার) অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কার্যালয়ের থেকে ১২ টি ককটেল উদ্ধার করা হয়। এসময় ফরিদপুর সহ সারাদেশে নাশকতা কর্মকান্ডের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়।তবে অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।
এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেওয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে ৭টি এবং সিঁড়ির কোনা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া সারাদেশে নাশকতা কর্মকান্ডের আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বই সহ মালামাল জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, ফরিদপুর সহ দেশের দক্ষিনাঞ্চলের নাশকতার পরিকল্পনা এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়ে থাকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরো বিশদভাবে জানতে তদন্ত শুরু করা হয়েছে। এই কর্মকান্ড পরিচালনা করতে অর্থ কোথা থেকে আসছে সেটিও খুঁজে বের করা হবে।
অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। এঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান সহ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
