স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার রাত আটটার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান।
সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের রুকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি ব্রহ্মসমাজ ও মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্ক, অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শ্বাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, উপ দপ্তর সম্পাদক আবিদ, অর্থ সম্পাদক ইফাদ আহমেদ সহ জেলা ও শহর ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা ছাত্রলীগের নেতারা কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা কোটা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন। তাদের ফরিদপুরের মাটিতে ঠাঁই হবে না।
তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফরিদপুরকে যেভাবে চালাবেন।ফরিদপুর সেই ভাবেই চলবে। এ জেলায় আন্দোলনের নামে কোনো অরাজকতা মেনে নেওয়া হবে না।
ছাত্রলীগ নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অরাজকতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে মঙ্গলবার থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
