সাদিকুর রহমান
সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, উপজেলার উন্নয়নে শতকোটি টাকার বরাদ্দ এনেছি: সমবায়কে শক্তিশালী ও জোরদার করে তুলুন। আমাদের আর্থিক সামর্থ্য কম হলেও আমরা কারো থেকে কোনো অংশে কম নই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশকেই সমগুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
গ্রাম বাংলার গরিব-দুঃখী, শোষিত কৃষক-জনতার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সমবায় ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কৃষিতে সমবায় ভিত্তিক কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাছাড়া ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে এই উপজেলায় সমবায় মার্কেট স্থাপন করা হবে।
রোববার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কৃষি বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজসেবা অফিস, পাট অফিস, উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিসহ নগদ অর্থ, গবাদি পশু, চার্জার ভ্যান, সেলাই মেশিন ও সিট কাপড়, শিক্ষার্থীদের বাইসাইকেল, স্প্রে মেশিন, পাট বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।
এসময় তিনি আরও বলেন, সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, ইতোমধ্যে ১০০ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলের ৪১০ কিলোমিটার নদী খনন করা হবে। পৌরসভা এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বাস্তবে ভগ্নদশা। পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. শরিফুজ্জামান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু ও অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, জয়নগর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন সহ আজহার আলী, রোকুনুজ্জামন রোকন সহ অন্যান্যের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারের সুবিধাভোগী সহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
