মোঃ হুমায়ুন কবির
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ প্রতিনিধি
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা ভূমি অফিস। রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ২২ মে থেকে শুরু হয়ে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ চলবে ২৮ মে পর্যন্ত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১শত ৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।###
মোঃ হুমায়ুন কবির
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১১-২৯৪৭৫৭
