সামদানি হোসেন বাপ্পি
আজ ৩০ মে রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগর ভবন প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৪ এর এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে। অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই কার্যক্রম শতভাগ সফল করতে নগরবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ।
তিনি জানান, আগামী ০১ জুন সারা দেশব্যাপী ০৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম একদিন ব্যাপী চলবে।
আরও বক্তব্য রাখেন সারভিলেন্স ও ইম্যুনাইজেশন( W.H.O ) মেডিকেল অফিসার ডাঃ দীপান্বিতা বণিক, মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম এবং টিকাদান সুপারভাইজার সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
