সজীব আল হাসান
ময়মনসিংহের ত্রিশাল চেলেরঘাট নামক স্থানে বাসচাপায় ৪জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আরও ১০ জন আহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়। তারপর হঠাৎ আরেকটি বাস এসে সিগনাল দিয়ে দাঁড় করানো বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরও একজন এর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
