মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ শাহেবুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে হাজীরহাট থানাধীন মন্থনা টেনারীপাড়া গ্রামে হাজীরহাট থেকে ডুগডুগি বাজারগামী পাকা সড়কে তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহেবুল ইসলামকে আটক করে।
পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহেবুল ইসলাম মন্থনা টেনারীপাড়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানায় ১৭ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-০৫/১১২ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান, নিয়মিত টহল এবং অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা স্থানীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। মাদকের বিস্তার রোধে পুলিশের ধারাবাহিক অভিযান ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবি রাখে।
রংপুর মহানগরীতে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
