মো: সজিব আল হাসান
বিশেষ প্রতিনিধি

সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। ডিআইজি অফিস, সিলেট রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ এবং ভারতের হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয় থেকে মানবিক আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ পেশাগত জীবনে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতার মধ্যে রয়েছে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিশেষ শাখা (এসবি), হাইওয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালন।

এ ছাড়া তিনি খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশ স্টাফ কলেজে সদস্য নির্দেশক হিসেবে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়নেও ভূমিকা রাখেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় আইভরি কোস্ট এবং দারফুর, সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।

সিলেট রেঞ্জে যোগদানের আগে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিশেষ শাখা (এসবি), ঢাকার ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ, সংকট ব্যবস্থাপনা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়নে তাঁর বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে।

নতুন কর্মস্থলে তাঁর কাছে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে। পেশাগত অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে তিনি সিলেট রেঞ্জের পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *